সর্বাধিক সন্তান জন্মদানের বিশ্ব রেকর্ডধারী এক মাকে চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, সন্তান প্রসব বন্ধ করে দিলে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। চিকিৎসকের এই সতর্কতার পর মরিয়ম নাবাতাঞ্জি নামের ওই মা ৪০ বছর বয়সে ৪৪ সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা তাকে বলেছিলেন, কোনও পরিবার পরিকল্পনা পদ্ধতি তার জন্য কাজ করবে না।
মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট বলছে, পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বাসিন্দা মরিয়ম নাবাতাঞ্জি। এখন পর্যন্ত তিনি জমজ সন্তান জন্ম দিয়েছেন চার বার। একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন পাঁচ বার। আরও পাঁচ বার একসঙ্গে চার সন্তানের জন্ম দেন মরিয়ম। এছাড়া মাত্র একবার এক সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।
মরিয়মের ছয় সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে। এক সময় স্বামী সব অর্থ-কড়ি নিয়ে তাকে ফেলে রেখে যান। শূন্য হাতেই ২০ ছেলে এবং ১৮ মেয়েকে লালন-পালনের দায়িত্ব একাই পালন করেন মরিয়ম। ছোট বেলায় মরিয়মকে বিক্রি করে দেন তার বাবা-মা। পরে মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায় তার। পরের বছর প্রথম সন্তানের জন্ম দেন মরিয়ম।
বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, উগান্ডায় নারীদের সন্তান জন্মদানের হার অনেক বেশি। দেশটিতে প্রত্যেক নারী গড়ে প্রায় ৫ দশমিক ৬ সন্তানের জন্ম দেন। যা একজন নারীর সন্তান জন্মদানের বৈশ্বিক গড় ২ দশমিক ৪ শিশুর দ্বিগুণেরও বেশি।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.