স্বামীর দেওয়া একটি ‘কসম’ রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না জাহানারা বেগম নামের এক ৭৫ বছরের বৃদ্ধা। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ভাতের পরিবর্তে রুটি, বিস্কুটসহ অন্যান্য খাবার খেয়ে বেঁচে দিন যাপন করছেন।
দুই সন্তানের মা জাহানারা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলা গোবিন্দ নগর মুন্সির হাট এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী ও পরিবার বলছে, মাত্র ১১ বছর বয়সে জাহানারা বেগমের বিয়ে হয় একই
এলাকার হাফিজুর রহমানের সঙ্গে। বিয়ের বছরখানেকের মধ্যেই জন্ম নেয় প্রথম সন্তান। দুই বছর পর আরও একজন। দুই সন্তান নিয়ে বেশ সুখে চলছিল তাদের দাম্পত্য জীবন। হঠাৎ একদিন পারিবারিক কলহ বাঁধে এই দম্পতির। কলহের একপর্যায়ের স্বামী হাফিজুর রাগান্বিত হয়ে তাকে বলেন, ‘তুই যদি আমার বাড়ির ভাত খাস তাহলে তোর দুই সন্তানের মাথা খাবি’। পরবর্তীতে বিবাদ মিটে গেলেও সেদিনের পর থেকে জাহানারা বেগম আর কখনো ভাত মুখে তোলেননি। ৬ বছর আগে স্বামী হাফিজুর রহমানের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। তবে স্বামীর প্রতি নেই ক্ষোভ, অভিমান।
জাহানরা বেগম বলেন, ‘স্বামীর কসম দেওয়ার পর ভয়ে ছিলাম এই ভেবে যে, ভাত খেলে সন্তানদের যদি বড় কোনো বিপদ হয় বা ক্ষতি হয়। ঘটনার ওই দিনের পর থেকে বিস্কুট, চা, রুটি এ সব খেয়ে থাকি। সংসার জীবনে তো অনেক কিছুই হয়। মানুষটার (স্বামী) জন্য এখন খুব কষ্ট হয়। আমাকে একা রেখে চলে গেল!’
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.