ক্যানসারে মেয়ের মৃত্যুর পর তার স্মরণে ক্যানসার হাসপাতাল তৈরিতে প্রায় ৩ বিলিয়ন দিরহাম দান করেছেন আরব আমিরাতের ব্যবসায়ী মারওয়াইস আজিজি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার কোটি টাকার সমান। তিনি ‘ফাদার্স এনডোর্সমেন্ট’ নামে একটি ক্যাম্পেইনে এই অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মারওয়াইস আজিজি আমিরাতের বিখ্যাত আজিজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার মেয়ে ফারিস্তা আজিজি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার দান করা অর্থে দুবাইয়ে একটি অলাভজনক হাসপাতাল তৈরি করা হবে। সেখানে আমিরাতের ক্যানসার আক্রান্ত রোগীদের বিনামূল্যে ও সহজলভ্য চিকিৎসা প্রদান করা হবে। এছাড়া হাসপাতালটিতে থাকবে একটি গবেষণাগার, যেখানে ক্যানসার চিকিৎসার জন্য সর্বশেষ প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ করা হবে।
সংবাদমাধ্যম খালিজ টাইমসকে আজিজি গ্রুপের চেয়ারম্যান গত রবিবার বলেন, “আমিরাতের মানুষকে সেরা ক্যানসার চিকিৎসার জন্য আর ইউরোপ বা অন্য কোথাও যেতে হবে না।”
খালিজ টাইমস জানিয়েছে, মানবিক কোনো কাজে আমিরাতে এটিই সবচেয়ে বড় অনুদানের ঘটনা।
মারওয়াইস আজিজি জানিয়েছেন, এই হাসপাতালের নির্মাণ কাজ এ বছরই শুরু হবে। এছাড়া বিশ্বজুড়ে একই ধরনের আরও কয়েকটি হাসপাতাল তৈরি করা হবে।
‘ফাদার্স এনডোর্সমেন্ট’ নামে এই ক্যাম্পেইনটি শুরু করেছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
মেয়ের স্মরণে হাসপাতাল তৈরির ব্যাপারে মারওয়াইস আজিজি বলেন, “আমার দ্বিতীয় মেয়ে, ফারিস্তা, ক্যানসারে আক্রান্ত হয়েছিল। প্রথম ধাপের চিকিৎসা সফল হয়েছিল। কিন্তু সাত মাস আগে তার শরীরে আবারও ক্যানসার ফিরে আসে। ২০২৪ সালের ২৯ অক্টোবর আল্লাহর ইচ্ছায়, আমার প্রিয় ফারিস্তা মারা যায়। আমরা তাকে দুবাইয়ে কবর দেই। এটি ছিল তার বাড়ি, যেখানে সে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠেছিল। ফারিস্তার মৃত্যুর পর আমার মধ্যে দান করার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। মানবতার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু মাঝে মাঝে বড় ক্ষতি আমাদের এটি আরও গভীরভাবে বুঝিয়ে দেয়।”
তিনি আফগানিস্তানের কাবুলেও ৫০০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি মেডিকেল কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। যেটি তার মেয়ের নামে হবে। সেখানে ক্যানসার ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.