ঘরের ড্রয়ার খুললেই চোখে পড়ে একটি ছোট্ট জিনিস -সেফটি পিন। শাড়ির ভাঁজ ঠিক রাখা, পোশাক সামলানো বা হঠাৎ ছেঁড়া কাপড় বাঁচাতে এই পিনের জুড়ি নেই। কিন্তু এত পরিচিত এই জিনিসটির দিকে কখনও গভীর করে তাকিয়েছেন? খেয়াল করেছেন, সেফটি পিনে ছোট বিশেষ ছিদ্র থাকে কেন? সাধারণ নকশার আড়ালেই লুকিয়ে আছে এক চমকপ্রদ বিজ্ঞান।
সেফটি পিন শুধু গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ নয়। প্রাথমিক চিকিৎসা, ফ্যাশন, এমনকি শিশুদের সহজ বিজ্ঞান প্রকল্পেও এর ব্যবহার রয়েছে। অথচ এর নকশার রহস্য অনেকেরই অজানা।
এই রহস্যের ব্যাখ্যা দিয়েছেন হোলসেল সেফটি পিনস-এর মালিক ও সিইও ল্যারি শোয়ার্টজ। যাঁর ব্যবসার পুরো ভিত্তিই এই সাধারণ অথচ প্রয়োজনীয় জিনিসটি। তাঁর মতে, একটি সেফটি পিনে মূলত দুটি গুরুত্বপূর্ণ ছিদ্র থাকে। একটি ছিদ্র থাকে উপরের দিকে, যেখানে পিনের ধারালো অংশটি ঢুকে একটি গার্ড বা ক্লিপের ভেতরে আটকে যায়। আরেকটি ছিদ্র থাকে নিচের দিকে, যেখানে ধাতব তার পেঁচিয়ে তৈরি হয় কুণ্ডলী বা স্প্রিং।
ল্যারি শোয়ার্টজ জানান, নিচের ছিদ্রটির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রই স্প্রিংয়ের টান বজায় রাখে, যার ফলে পিনের মাথাটি গার্ডের ভেতরে শক্তভাবে আটকে থাকে। যদি এই টান না থাকত, তাহলে সামান্য ধাক্কাতেই পিন খুলে যেত এবং আঘাত লাগার ঝুঁকি তৈরি হতো। অন্যদিকে, উপরের ক্ল্যাস্পের ছিদ্রটি পিনের ডগাটিকে সহজে গার্ডের মধ্যে ঢোকা ও বের হতে সাহায্য করে। এই দুই ছিদ্র মিলেই সেফটি পিনকে সত্যিকার অর্থে ‘নিরাপদ’ করে তোলে।
এই নকশার পেছনে কাজ করে স্থিতিস্থাপকতা ও টানের সহজ কিন্তু কার্যকর বিজ্ঞান। নিচের কুণ্ডলীটি এমনভাবে তৈরি, যাতে প্রয়োজনীয় চাপ না দেওয়া পর্যন্ত পিন নিজে থেকে খুলে না যায়। একই সঙ্গে এটি পিনকে অতিরিক্ত প্রসারিত হওয়া বা বিকৃত হয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে।
এই বুদ্ধিদীপ্ত নকশার জন্ম হয় আরও এক শতাব্দীর বেশি আগে। ১৮৪৯ সালে উদ্ভাবক ওয়াল্টার হান্ট একটি ধাতব তার নিয়ে খেলতে খেলতেই আধুনিক সেফটি পিনের স্প্রিং কাঠামো তৈরি করেন। পরে তিনি এর পেটেন্ট নেন। আজকের দিনে যন্ত্রের সাহায্যে ইস্পাতের তার পেঁচিয়ে তৈরি হয় এই কুণ্ডলী, যা সেফটি পিনের কার্যকারিতার মূল চাবিকাঠি।
হান্ট শেষ পর্যন্ত তাঁর সেফটি পিনের পেটেন্টটি ডব্লিউ. আর. গ্রেস অ্যান্ড কোম্পানির কাছে মাত্র ৪০০ ডলারে বিক্রি করে দেন। অথচ এই নকশা পরবর্তীকালে যে বিপুল বাণিজ্যিক সাফল্য এনে দেয়, তার তুলনায় সেই মূল্য ছিল নিতান্তই নগণ্য।
পরের বার যখন হাতে একটি সেফটি পিন নেবেন, তখন শুধু প্রয়োজনের কথা নয় এর পেছনের চমৎকার বিজ্ঞান আর ইতিহাসটাও মনে পড়ে যাবে।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.