বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ কোলন ক্যানসার। আশঙ্কাজনকভাবে, সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যেও এই রোগের হার বাড়ছে। নানা কারণে কোলন ক্যানসারের ঝুঁকি তৈরি হলেও খাদ্যাভ্যাস এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, তরুণদের কোলন ক্যানসারের প্রধান ঝুঁকির কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তবে কিছু খাবার নিয়মিত গ্রহণ করলে কোলন ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বিজ্ঞানসম্মত প্রমাণ অনুযায়ী, এমন চারটি খাবার রয়েছে যা কোলন ক্যানসারের ঝুঁকি হ্রাস করে ও সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
আখরোট
আখরোট খাওয়ার অভ্যাস কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে রয়েছে এলাজিট্যানিনস নামক উদ্ভিজ্জ যৌগ, যা অন্ত্রে গিয়ে ইউরোলিথিনসে রূপান্তরিত হয়। ইউরোলিথিনস প্রদাহ কমাতে কার্যকর এবং ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখে। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, আখরোট প্রদাহ নিয়ন্ত্রণে আনে ও কোলন ক্যানসারের ঝুঁকি হ্রাস করে।
দই
অন্ত্রের স্বাস্থ্যের জন্য পরিচিত দই কোলন ক্যানসারের ঝুঁকি কমাতেও কার্যকর। ম্যাস জেনারেল ব্রিগহাম গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত দুইবার দই খেলে অন্ত্রের জীবাণু ভারসাম্যে ইতিবাচক পরিবর্তন আসে এবং কোলন ক্যানসারের ঝুঁকি হ্রাস পায়। দইয়ে থাকা বিফিডোব্যাক্টেরিয়াম প্রজাতির জীবাণু অন্ত্রের সুরক্ষা বাড়ায়।
ক্রুসিফেরাস সবজি
ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, কেলে শাক ও শালগমের মতো ক্রুসিফেরাস সবজিতে রয়েছে সালফোরাফেন, যা টিউমার দমনকারী জিন সক্রিয় করতে সহায়তা করে। বিএমসি গ্যাস্ট্রোএন্টারোলজি-তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৪০ থেকে ৬০ গ্রাম এসব সবজি খেলে কোলন ক্যানসারের ঝুঁকি ২০-২৬ শতাংশ পর্যন্ত কমে।
সারা শস্যজাত খাবার
ব্রাউন রাইস বা গমের আটা দিয়ে তৈরি রুটি মতো সারা শস্যজাত খাবার নিয়মিত খেলে কোলন ক্যানসারের ঝুঁকি হ্রাস পায়। আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যানসার রিসার্চ (AICR) এবং ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড (WCRF)-এর রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন প্রায় ৯০ গ্রাম সারা শস্যজাত খাবার খেলে কোলন ক্যানসারের ঝুঁকি ১৭ শতাংশ কমে। এতে থাকা আঁশ ক্যানসার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে তরুণদের কোলন ক্যানসারের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
Barta Zone 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Barta Zone 24 Offers To Know Latest National And Local Stories.